ব্রাজিল সরকারের সম্মানজনক ‘অর্ডার অফ রিও ব্র্যাঙ্কো’ সম্মাননা পেয়েছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জাও তাবাজেরা আবিদা ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা হস্তান্তর উপলক্ষে গত মঙ্গলবার ঢাকায় ব্রাজিল দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচ বছর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। সে সময় তিনি উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এ সম্মাননা তারই ফসল।
ব্রাজিল সরকারের এই সম্মাননা চার বছর আগে পেলেও দেশে না থাকা এবং সর্বশেষ বৈশ্বিক করোনা মহামারীর কারণে গ্রহণ করতে পারেননি আবিদা। অবশেষে চার বছর পরে ঢাকায় এসে এ পুরস্কার গ্রহণ করার সুযোগ পেলেন তিনি।
সম্মামনা নিয়ে এক প্রতিক্রিয়ায় আবিদা ইসলাম বলেন, ব্রাজিল সরকারের ‘অর্ডার অফ রিও ব্র্যাঙ্কো’ সম্মাননা চার বছর আগে পেলেও এখন আনুষ্ঠানিকভাবে হাতে পেলাম। মুহূর্তটা ভীষণ আনন্দের ও গর্বের। বাংলাদেশ-ব্রাজিল বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।
