গত কয়েক বছর ধরে বাবর আজমের অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির রেকর্ড ভাঙা। এবার ভারতের সাবেক অধিনায়কের আরেকটি রেকর্ডও নিজের নামে করে নিলেন তিনি।
মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে ১৭তম সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সেই সঙ্গে কোহলির আরেকটি রেকর্ডও ভেঙে দিলেন বাবর। অধিনায়ক হিসেবে সব ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার।
বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার শাই হোপের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রান করে ক্যারিবিয়ানরা। কিন্তু বিশাল এই স্কোর নিয়েও পাকিস্তানিদের থামাতে পারেনি উইন্ডিজ। অধিনায়ক বাবরের ১০৭ বলে ১০৩ রানের সুবাদে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
এই ইনিংস খেলার পথে নতুন রেকর্ড গড়েন ২৭ বছর বয়সী ব্যাটার। অধিনায়ক হিসেবে সব ফরম্যাটে দ্রুত ১ হাজার রানের মালিক ছিলেন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতের সাবেক অধিনায়কের লেগেছিল ১৭ ইনিংস। এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২০ ইনিংস আর কেন উইলিয়ামসনের ২২। তবে বাবরের লাগলো মাত্র ১৩ ইনিংস।
উইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো ব্যাটিংয়ে আরেকটি রেকর্ডও ভেঙেছেন তিনি। প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারে দুইবার টানা তিন সেঞ্চুরি পেয়েছেন বাবর। এর আগে এই ডানহাতি ব্যাটার টানা তিন সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৬ সালে।
