অর্থনৈতিক মন্দার পর পাকিস্তানে এবার বিদ্যুৎ সংকটও চরম আকার ধারন করেছে। এরই মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে বড় সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। রাত ১০টার পর বিয়ে ও পার্টি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার রাত থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে সম্প্রতি বিদ্যুতের দামও বাড়িয়েছে পাকিস্তান সরকার। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনীতির অবনতির পর বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৭.৯ টাকা বাড়িয়েছে শাহবাজ সরকার। পাকিস্তানে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৬.৯১ টাকা। কয়েকদিনের মধ্যে প্রতি ইউনিটের দাম ২৪ টাকা ছাড়িয়ে যাবে।
গ্রামে ১২ ঘণ্টা লোডশেডিং
পাকিস্তানের গ্রামাঞ্চলে এখন প্রতিদিন ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এ কারণে জনগণকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। দেশটিতে সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। বর্তমানে পাকিস্তানের কাছে ২৬ হাজার মেগাওয়াটের চাহিদা রয়েছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ১৯ হাজার ৫০০ মেগাওয়াট। লাহোরে ৪৮০০ মেগাওয়াটের চাহিদা রয়েছে। কিন্তু সেখানে মাত্র চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেশটির অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। জ্বালানির অভাবে এবং অন্যান্য প্রযুক্তিগত কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করতে হয়েছে।
