পরকালের কল্যাণে বন্ধুত্ব

আপডেট : ১০ জুন ২০২২, ১২:৩০ এএম

মানুষ সামাজিক জীব। চলার পথে তার বন্ধুর প্রয়োজন হয়। সামাজিক সম্পর্ক তৈরিতে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেননা পারস্পরিক সুসম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতি ছাড়া সমাজ জীবনে মানুষ সুন্দরভাবে চলতে পারে না। বন্ধুত্ব হলো সমাজ জীবনের সুসম্পর্কের চূড়ান্ত পর্যায়। বন্ধুত্বের মর্যাদা রক্ষা করাও অনেক মর্যাদার। বন্ধুত্ব ও সৎসঙ্গীদের মর্যাদা গ্রহণ করা এবং বন্ধুত্ব রক্ষার বিষয়ে কোরআন-হাদিসে অনেক গুরুত্ব উল্লেখ করা হয়েছে। কারণ বন্ধুত্ব এমন একটি সামাজিক বন্ধন, যা মানুষকে আত্মার বন্ধনে আবদ্ধ করে রাখে।

না জেনে কাউকে যেমন বন্ধু রূপে গ্রহণ করা যায় না। তেমনি সত্যবাদী, নামাজি, দ্বীনদার ও পরোপকারী ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করারও কোনো উপায় নেই। একজন মানুষের জীবনে বন্ধু কেন প্রয়োজন- সে সম্পর্কে কোরআন মজিদে দারুণ একটি কথা আল্লাহতায়ালা বলেছেন। ইরশাদ হয়েছে, ‘আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। এদেরই ওপর আল্লাহতায়ালা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।’ সুরা তাওবা : ৭১

সোলায়মান ইবনু হারব (রহ.) ... হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম (সা.) কে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি (পাথেয়) সংগ্রহ করেছ? সে বলল, কোনো কিছুই সংগ্রহ করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসুলকে (আন্তরিকভাবে) মহব্বত করি। তখন তিনি বললেন, তুমি (কিয়ামতের দিন) তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি মহব্বত কর।

হজরত আনাস (রা.) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে, অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি। হজরত আনাস (রা.) বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করি এবং হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.) কেও। আশা করি তাদের আমার মহব্বতের কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব; যদিও তাদের আমলের মতো আমল করতে পারিনি। সহিহ্ বোখারি : ৩৪২৩

বন্ধুত্ব হতে হবে পরকালের কল্যাণে। আর পরকালের কল্যাণে দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধু নির্বাচনে একজন মানুষ হয়ে ওঠে পরিপূর্ণ ইমানদার। আল্লাহতায়ালা মুসলিম উম্মাহর প্রত্যেককে পারস্পরিক সুসম্পর্ক ও বন্ধুত্ব লাভে কোরআন-হাদিসের নির্দেশনা অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত