বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় বিদেশে পাচার হওয়া অর্থ কর দিয়ে বৈধ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, কর দিয়ে পাচার টাকা অর্থ বৈধ হয়ে গেলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো কর্তৃপক্ষ।
এই প্রস্তাবের সমালোচনায় বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বললেন, করের বিনিময়ে তাদের দায়মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত শুধু নৈতিকতা বিবর্জিতই নয়, আইনের সঙ্গেও সাংঘর্ষিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার প্রতিক্রিয়া জানান তাবিথ। তিনি বলেন, ‘কর দিলেই বিদেশে পাচার করা কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছে এই অবৈধ সরকার। দেশের জনগণের সেবায় জাতীয় বাজেট হওয়ার কথা থাকলেও তা পরিণত হয়েছে অবৈধ সরকারের দুর্নীতিবাজদের পুনর্বাসনের সুযোগ হিসেবে।’
আরও বলেন, ‘যারা মানুষের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে সম্পদ করেছে, করের বিনিময়ে তাদের দায়মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত শুধু নৈতিকতা বিবর্জিতই নয়, আইনের সঙ্গেও সাংঘর্ষিক। আর এটি করা হয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও তাদের পালিত অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তাদের দায়মুক্তি দেওয়ার জন্য।’
বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
এ অবস্থায় বিদেশে অর্জিত অর্থ ও সম্পদ অর্থনীতির মূল স্রোতে আনার মাধ্যমে বিনিয়োগ ও আর্থিক প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে তিনি আয়কর অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব দেন মুস্তফা কামাল।
