গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। নিহত পারভেজ হোসেন (১৮) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার শেরজাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল কারখানায় চাকরি করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ শুক্রবার কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের ওপর কানে ইয়ারফোন গুঁজে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউনিটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর জংশনের এসআই শহিদুল ইসলাম বলেন, ওই দুর্ঘটনার কথা শুনেছি। তবে আমরা পৌঁছানোর আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।
