পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, চিকিৎসকদের মর্যাদা, পেশাগত অধিকার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে খুলনা বিভাগের ১০ জেলার চিকিৎসকদের সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগরীর টাইগার গার্ডেন মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়। দিনব্যাপী চলা এ সমাবেশে সহস্রাধিক চিকিৎসক অংশ নেন।
এতে চিকিৎসক নেতৃবৃন্দ জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পদের বিপরীতে চিকিৎসক না থাকা, ওষুধের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ না থাকা, চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি না থাকা, পর্যাপ্ত আসন না থাকাসহ হাসপাতালগুলোর নানাবিধ সংকটের কথা তুলে ধরেন। উপরন্তু চিকিৎসকদের প্রতি প্রশাসন ক্যাডারের আমলাদের সীমাহীন দুর্ব্যবহার, অধীন কর্মীদের মতো রূঢ় আচরণ করে বলে অভিযোগ করেন। বক্তারা পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করেন। দাবি আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভাপতি ও বিভাগীয় সহসভাপতি ডা. শেখ বাহারুল আলম এ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। বক্তৃতা করেন বিএমএ ১০ জেলা শাখার নেতা ও প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রতিনিধিরা। সমাবেশ পরিচালনা করেন খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ।
