লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসম্পাদককে কুপিয়ে আহত

আপডেট : ১২ জুন ২০২২, ০৯:১১ এএম

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ফখরুল আলম নাহিদকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

শনিবার রাতে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাহিদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলমের ছেলে।

এ ছাড়া তার বাড়ি রামগতি উপজেলার পশ্চিম চর কলাকোপায় ৭নং ওয়ার্ডে রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন জানান, ফখরুল ইসলাম নাহিদের মাথায় ও বাম হাতে কুপিয়ে হামলার আঘাত গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নাহিদ রামগতি পশ্চিম চর কলাকোপায় নিজ বাড়িতে একটি বৈঠকের পর লক্ষ্মীপুর ফেরার পথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি হামলা চালায় ও তাকে হত্যার জন্য দা দিয়ে আঘাত করে।

এতে তার মাথায় ও ডান হাতে দায়ের কোপে গুরুতর আহত হয়। পরে তিনি অচেতন হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ঢাকায় রেফার করেন।

এদিকে তাকে দেখতে যান সাবেক সংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও স্থানীয় বিএনপির নেতারা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, অ্যাডভোকেট নাহিদ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সন্ত্রাসীরা তাকে সেই জন্যই মারধর করেছে।

এ ঘটনায় তিনিসহ দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেন।

রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেন নাই। তবে এক আইনজীবী আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত