বিদেশে পালিয়ে যাওয়া দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর আলোচিত বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ সাদেক জানান, মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাসের রায় দিয়ে ও দেশত্যাগ করে আলোচিত হন তিনি। তার বিরুদ্ধে সাড়ে ১২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
ঘুষ হিসেবে ২০ কোটি টাকা বিদেশে পাচারসংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৩ সালের ১৭ নভেম্বর বেকসুর খালাস দিয়েছিলেন বিচারক মোতাহার হোসেন। ওই সময় তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন।
