রাশিয়ার পণ্য আনতে ইরান হয়ে ভারতের নতুন রুট

আপডেট : ১৩ জুন ২০২২, ০১:০৩ পিএম

ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রাশিয়া থেকে ইরান হয়ে মাল আসছে ভারতে। এই নতুন রুটে মাল আনার পুরো বিষয়টিই সমন্বয় ও ব্যবস্থাপনা করছে তেহরান। খবর ডয়চে ভেলে।

ইরানের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি রাশিয়া থেকে নতুন রুটে ভারতে মাল আনার কাজ শুরু করে দিয়েছে। এই রুটই হবে নতুন বাণিজ্যিক করিডর, যেখানে রাশিয়া থেকে পণ্যবাহী জাহাজ ইরান হয়ে এশিয়ার দেশগুলোতে আসবে।

এখন যে পণ্য রাশিয়া থেকে আসছে, তা হলো, দুইটি ৪০ ফুট লম্বা কনটেইনারে করে উড ল্যামিনেট শিট। এর ওজন ৪১ টন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) আস্ত্রাখানের ইরান ও রাশিয়ার যৌথ মালিকানাধীন টার্মিনালের ডিরেক্টর দারিয়ুশ জামালিকে উদ্ধৃত করে জানিয়েছে, সেন্ট পিটার্সবুর্গ থেকে যাত্রা শুরু করেছে ওই পণ্যবাহী জাহাজটি।

তবে সংবাদ সংস্থার রিপোর্টে জানানো হয়নি, কবে ওই জাহাজটি যাত্রা শুরু করেছে। শুধু বলা হয়েছে, এটা নতুন বাণিজ্যিক করিডরের পাইলট প্রজেক্ট।

আস্ত্রাখান থেকে জাহাজটি ক্যাস্পিয়ান সাগর পার হয়ে ইরানের বন্দর আনজালি আসবে। তারপর মাল সড়ক পথে দক্ষিণের পোর্ট অফ বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মাল আবার জাহাজে চাপানো হবে। তারপর তা ভারতের বন্দরে আসবে বলে আইআরএনএ জানিয়েছে।

জামালি জানিয়েছেন, নতুন রুটে এই মাল পাঠানোর বিষয়টি সমন্বয় ও ম্যানেজ করছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস গ্রুপ। তাদের রাশিয়া ও ভারতে অফিস আছে। রাশিয়া থেকে পণ্য ভারতে পৌঁছতে ২৫ দিন সময় লাগবে।

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা জারি করার পর ইরান এখন উত্তর-দক্ষিণ ট্র্যানজিট করিডর প্রকল্প আবার পুনরুজ্জীবিত করতে চাইছে। এর ফলে যারা রাশিয়া থেকে ইরান হয়ে এশিয়ার বাজারে পৌঁছানো যাবে। এই পরিকল্পনা অনুযায়ী ক্যাস্পিয়ান সাগরে ইরানের বন্দরের সঙ্গে দক্ষিণ-পূর্বের বন্দর চাবাহার পর্যন্ত রেল রোড লাইন তৈরির পরিকল্পনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত