টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাহিদুল ইসলাম জয় (৩০) নামের এক যুবক দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
তিনি এই উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত মিয়ার ছেলে।
দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় সন্ত্রাসীরা জয়ের ব্যবসা-প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে বলে সোমবার তার বাবা হাসমত মিয়া জানিয়েছেন।
হাসমত মিয়া জানান, গত ১২ বছর আগে নাহিদুল ইসলাম জয় আফ্রিকায় যান। পরে তিনি নিউক্যাসেল শহরে একটি দোকান ভাড়া নিয়ে কসমেটিকস ব্যবসা শুরু করেন। রবিবার সন্ধ্যায় অস্ত্রধারী একদল সন্ত্রাসী নাহিদুলের ব্যবসা-প্রতিষ্ঠানে হানা দেয় এবং তাকে গুলি করে হত্যা করে।
বাংলাদেশে নাহিদুলের মা, বাবা, ছোট বোন ও স্ত্রী রয়েছে। ছেলের মরদেহ কবে বাড়ি আসবে তা তিনি জানাতে পারেননি।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো. শাজাহান মিয়া জানান, নাহিদুল ইসলাম জয় দীর্ঘদিন ধরে আফ্রিকায় ব্যবসা করতেন। রবিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
দেড় বছর আগে বাশতৈল ইউনিয়নের পেকুয়া পশ্চিমপাড়া গ্রামের জয়ের মামা ফারুক দক্ষিণ আফ্রিকায় একইভাবে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বলে এলাকাবাসী জানিয়েছেন।
