নৌকার বিদ্রোহী প্রার্থী: বরিশালে ৪ ইউপি নির্বাচন স্থগিত

আপডেট : ১৩ জুন ২০২২, ০৯:০৫ পিএম

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ও পদ্ধতিগত কার্যক্রম গ্রহণের জন্য বলা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মো. নুরুন্নবী।

তিনি জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো নির্দেশনা আমরা পেয়েছি। আদেশে উল্লেখ করা হয়েছে বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার সুষ্ঠু পরিবেশ না থাকায় স্থগিত করা হয়েছে। কবে এ দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে বলে নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানান ইউএনও।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগামী ১৫ জুন এ দুটি ইউনিয়নসহ উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করায় বাকি চার ইউনিয়নে পূর্ব নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে বরিশাল বিভাগে চার ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার একদিনে বিভাগের তিন ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন। অপর একটির নির্বাচন স্থগিত করা হয় রোববার।

সোমবার যে তিন ইউনিয়নের নির্বাচনী তফসিল স্থগিত করে নির্বাচন কমিশন সেগুলো হচ্ছে, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক এবং বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন।

জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন সভাপতি আবদুস ছত্তার খা। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর। অপর দিকে আন্ধারমানিক ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন কবিরাজ এবং বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শহিদুল ইসলাম। এই দুই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রচার নিয়ে শুরু থেকেই উত্তেজনা চলছিল।

এর আগে রোববার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার পরদিন রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের আদেশের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন স্থগিতের নোটিশ জারি করেন। এই ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের ছেলে সালাউদ্দিন মাহমুদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। 

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার সোনাকাটা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সুলতান ফরাজী এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার চাচা ইউনুস ফরাজী। গত ৪ জুন এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ফলে এই ইউনিয়নে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১৫ জুন বরিশাল বিভাগের ২৯ ইউনিয়নে নির্বাচন হবে ইভিএমে। এ জন্য একদিকে উৎসবমুখর অপরদিকে চরম উত্তেজনার মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চলছে। ২৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১৩২ জন। প্রতি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এমন প্রেক্ষাপটে চারটি ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, এবার বিভাগের ২৯ ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। এ ছাড়া ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে চারটি নির্বাচন স্থগিত হয়েছে। এসব ইউনিয়নে নির্বাচনী পরিবেশ না থাকায় ভোটগ্রহণ স্থগিত হয়েছ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত