মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দালাল চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে একমাস করে কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দন্ড পাওয়া ব্যক্তিরা হলেন পারভেজ মোল্লা (২৮), আব্দুল রব বেপারী (৬৬), রাজু খান (২৮) ও নন্দ সরকার (৪৫)।
মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ৫ জনকে আটক ও পাসপোর্ট পাওয়ার স্লিপ জব্দ করা হয়। আটক ৪ জন পাসপোর্ট সংক্রান্ত কাজে দালালিতে সম্পৃক্ততার কথা স্বীকার করলে প্রত্যেককে একমাস করে কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দোষ প্রমাণ না হওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়।
