সিদ্ধিরগঞ্জে র‌্যাব পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষ

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:১২ এএম

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আদমজী বিহারি ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দুই পক্ষ থেকে বলা হয়েছে। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এই সংঘর্ষ হয়। ক্যাম্পের বাসিন্দারা ইটপাটকেল ছুড়লে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে র‌্যাব-পুলিশ। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গত শুক্রবার আদমজী জেনেভা ক্যাম্প এলাকায় আদমজী জামে মসজিদে জুমার নামাজের আগে ইমামের বক্তব্য নিয়ে কথা বললে সৈয়দ আজিজুল হক নামে এক পুলিশ কর্মকর্তাকে মারধর করা হয়। ওই ঘটনায় এসআই মির্জা শহিদুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও শতাধিক অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন। ওই মামলায় গত রবিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ক্যাম্পে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে বিহারি কলোনির বাসিন্দারা থানা ঘেরাও ও আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। বন্ধ করে দেয় যানচলাচল। তাদের সড়ক থেকে সরাতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিহারি কলোনির চেয়ারম্যান লিয়াকত হোসেন জানান, পুলিশ কর্মকর্তা মারধরের ঘটনায় রবিবার গভীর রাতে বিপুলসংখ্যক পুলিশ কলোনিতে অভিযান চালায়। নারীদের লাঞ্ছিত করে। ভেঙে ফেলে ঘরের দরজা-জানালা। ঘটনার সময় মসজিদে ছিল না বা জড়িত নয় তাদের গ্রেপ্তার করে। এতে কলোনিবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।       

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপরেশন) মো. আমির খসরু বলেন, অভিযান চলানোর সময় তারা পুলিশকে বাধা দিয়েছে। আবার সড়ক অবরোধ ও অন্দোলন করার সাহস দেখায়। অপরাধী যেই হোক ছাড় পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত