পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ গাজী (৫০) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাগনে শামিম (৩০)।
মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের বশার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত হানিফ আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মৃত রত্তন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমখোলা থেকে ভাগনে শামিমের মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন হানিফ।
এ সময় বশাক বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
