কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল থেকে ফেরার পথে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ১১নং চরসাদিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
গ্রাম পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে কুমারখালী থানা-পুলিশে সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন দফাদার মোজাম্মেল হক।
১১নং চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ বলেন, ‘গতকাল রাতে ঘটনাটি আমি শুনেছি, ওই পরিবারকে বলেছি, যেটা ভালো মনে হয় সেটা করো। আজ সকালে শুনলাম ভৈরবপাড়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলীকে পুলিশে ধরে নিয়ে গেছে।’
বুধবার সকালে আটক বৃদ্ধ আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার সকালে উপজেলার চরসাদিপুর থেকে শিশু ধর্ষণ অভিযোগে আইয়ুব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে ভিকটিম শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসহ ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিশুটির মা বাদী হয়ে একমাত্র আসামি আইয়ুব আলীর নামোল্লেখসহ এজাহার দিয়েছেন, মামলা দায়ের প্রক্রিয়াধীন।
