নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার মামলায় রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন ও তার সহযোগী রানা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রাজধানীর ভাটারা থানা জোয়ার সাহারা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী হাজী আলাউদ্দিন খাঁন রূপগঞ্জ সদর ইউনিয়নের টেকনোদ্দা মৌজায় আরএস ১৩০ ও ১৩১নং দাগে ২১ শতক জমি কিনে সীমানা পিলার স্থাপন করে ভোগদখল করে আসছেন।
পরে ওই জমিতে বসতঘর নির্মাণকাজ করতে এলে টেকনোয়াদ্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন, একই এলাকার রানা ও রাসেল মিয়াসহ আরও কয়েকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
গত ৭ জুন ওই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জমির দেখাশোনার কাজে নিয়োজিত কেয়ারটেকার রহমতউল্লাহকে বেধড়ক লাঠিপেটা করে আহত করে এবং জমিতে থাকা স্থাপনা ভাঙচুর করে।
এ সময় তাদের চাঁদা না দিয়ে কাজ করলে মালিকদের জমিতে প্রবেশ নিষেধ করেন।
এ ঘটনায় গতকাল (১৫ জুন) বুধবার ব্যবসায়ী বেনজীর আহমেদ শরীফ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন ও তার সহযোগী রানা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
