চাঁদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক আল আমিন (৩০) নিহত হয়েছেন।
শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকার বাসিন্দা।
এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ইয়াছিন (২০) ও দেলোয়ার (৬০) নামের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স কোম্পানির একটি বাস চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে চাঁদপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক আল আমিন নিহত হয়।
তা ছাড়া পিকআপের দুই হেলপার গুরুতর আহত হয়। পরে তাদের কে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন।
তবে বাসের যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি। নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
