অবৈধভাবে পিএসজিতে এমবাপে!

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:১৭ পিএম

কিলিয়ান এমবাপের পিএসজিতে নতুন চুক্তির বৈধতা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে লা লিগা। এবার স্প্যানিশ লিগ কর্র্তৃপক্ষ ফরাসি আদালতে পিএসজির বিরুদ্ধে মামলা করবে। আইনজীবী হুয়ান ব্র্যাঙ্কোর দায়ের করা এই মামলার মাধ্যমে পিএসজিতে এমবাপের নতুন চুক্তিকে অবৈধ প্রমাণের চেষ্টা করবে লা লিগা কর্তৃপক্ষ।

তাদের বিশ্বাস, ফরাসি দলটির করা এই নতুন চুক্তিটি ‘অবৈধ’। এতে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লে আইনের লঙ্ঘন হয়। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে ফলাফল নিজেদের পক্ষে না এলে ইউরোপিয়ান কমিশন, সেখানেও না হলে ইউরোপীয় ইউনিয়ন আদালতে যাবে লা লিগা।

এই মামলার ভিত্তি হচ্ছে ১৯৯৫ সালে চালু হওয়া বসম্যান আইন। সেই আইনে ফ্রি এজেন্টদের বিনা বাধায় নতুন ক্লাবে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছে, কোনো খেলোয়াড়ের চুক্তি শেষ হয়ে গেলে খেলোয়াড়টিকে নতুন গন্তব্যে যাওয়া থেকে রুখতে পারবে না তার পূর্ববর্তী ক্লাব। রিয়ালের ভাষ্য, পিএসজি রাজনৈতিকভাবে চাপ দিয়ে এমবাপেকে রেখে দিয়েছে দলে।

লা লিগা কর্র্তৃপক্ষ চাইছে তাদের আইনই যেন পুরো ইউরোপে ছড়িয়ে দেওয়া হয়। ব্র্যাঙ্কো আরও বলেন, ‘আমরা যা চাই, তা হলো, স্প্যানিশ লিগের আইনে যেন ইউরোপীয় দলবদল বাজার চালানো হয়। আমাদের আর্থিক নিয়মাবলি অনেক বেশি কঠিন।’

লা লিগার এই আইনজীবী আরও জানিয়েছেন, ২৫ জুন ২০২১ এর পর করা পিএসজির চুক্তিগুলো বাতিলের আহ্বান জানানো হবে ফরাসি ক্রীড়ামন্ত্রী এমিলি উদেয়া-কাস্তেরাকে। সেটি কার্যকর হলে এমবাপের নতুন চুক্তির সঙ্গে বাতিল হবে মেসির চুক্তিও। মেসি পিএসজিতে যোগ দেন গেল বছরের আগস্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত