গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কিছুটা বেড়েছে। ফলে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কিছুটা বেড়েছে। গতকাল রবিবার বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপক জানান, পানি বাড়ার আগে ২৩০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন হতো ৩৫ মেগাওয়াট। গতকাল সকাল ৮টা পর্যন্ত উৎপাদন হয়েছে ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ।
গ্রীষ্মে কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়ে দেশের সর্ববৃহৎ পানিবিদ্যুৎ কেন্দ্রটি। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট চালু রাখা হয়েছিল। বাকি ৩টি ইউনিট বন্ধ রাখা হয়।
কেন্দ্রের ব্যবস্থাপক আব্দুজ্জাহের জানান, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট উৎপাদন হচ্ছিল। ১ নম্বর ইউনিট পুনর্বাসনের জন্য বন্ধ থাকলেও ৪ নম্বর ইউনিটটি হ্রদে পানি আরও বাড়লে প্রয়োজনে চালু করা হবে বলে জানান তিনি।
