ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

আপডেট : ২০ জুন ২০২২, ১১:৩৮ এএম

ফেনীর ফুলগাজী উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। সোমবার সকালে দুইটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতির হয়েছে।

উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় পাহাড়ি ঢলে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ওই ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়েছে।

ফুলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম বলেন, পানির তোড়ে সকাল সাড়ে ৮টায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে আমার ইউনিয়নের চারটি গ্রামে পানি প্রবেশ করেছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুর নাহার বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের দুইটি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। 

পাউবোর ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, রাতে পানির প্রবাহ বেশি ছিল। সকালে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে।

তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বাঁধ এলাকা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেবে। পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত