মাগুরায় কৃষকের ৫০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:২৮ এএম

মাগুরা সদর উপজেলার মির্জাপুর গ্রামে রবিউল ইসলাম নামে এক কৃষকের জমির ৫০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। সম্প্রতি ওই জমি থেকে কলা চুরির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করায় এ ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম বলেন, দুই বছর আগে তিনি ৬০ শতক জমির চারপাশে ২৫০টি মেহগনি চারা রোপণ করেন। নিজ বাড়ি থেকে দূরে হওয়ায় গাছ দেখাশুনার জন্য রুবেল নামে এক কৃষকের কাছে তিনি ওই জমি ইজারা দেন। রুবেল জমিতে কলা ও পেঁপে গাছ রোপণ করেন। গত বৃহস্পতিবার ওই বাগান থেকে চার কাঁদি কলা চুরি করে বিক্রি করে দেয় ওই গ্রামের তাছলিমুর রহমান লেলিন নামে এক যুবক। এ ঘটনা জানাজানি হলে সালিশের মাধ্যমে লেলিনের কাছ থেকে কলা বিক্রির ৮০০ টাকা আদায়ের সিদ্ধান্ত হয়। লেলিন তার ভাগ্নে প্রান্তকে নিয়ে গত সোমবার সন্ধ্যায় রবিউলকে জরিমানার ৫০০ টাকা পরিশোধ করে। কিন্তু এ সময় লেলিন রবিউলকে দেখে নেওয়ার হুমকি দেয়।

রবিউল অভিযোগ করেন, চুরি ধরে ফেলা ও জরিমানা করায় প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতে লেলিন সঙ্গীদের নিয়ে ওই জমিতে গিয়ে প্রায় ২৫০টি মেহগনি গাছ ও ২৫০টি কলাগাছ কেটে ফেলেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত লেলিন পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত