নরসিংদীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২২, ০৩:৪০ পিএম

নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহা-সড়কের উপর প্রকাশ্যে কবির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দুপুর ১২টার দিকে বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের খামারচর নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির হোসেন খামারচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। তিনি বারৈচা বাজারে এলপি গ্যাস ও গাড়ি ব্যবসা করতেন।

স্বজনরা জানায়, কবির প্রতিদিনের মত আজও সকালে বাড়ি থেকে বের হয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে উদ্দেশ্যে বের হন।

তিনি খামারচরে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে আগে থেকে ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।

পরে তিনি দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপরে চলে আসেন। সন্ত্রাসীরা চাপাতি দা ছুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

নিহতের ভাতিজা আশিক মিয়া বলেন, কাকার সাথে এলাকার কয়েকজনের শত্রুতা ছিল। কাকাকে আজকে তারা নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, নিহত কবিরের সঙ্গে মামলা মোকদ্দমা নিয়ে পার্শ্ববর্তী এলাকার কয়েকজনের দ্বন্দ্ব ছিল। সে হত্যা মামলারও আসামি ছিল। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তা জানতে আমরা সকল বিষয় বিবেচনা রেখেই তদন্ত করছি।

তিনি বলেন, দ্রুত সময়েই অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত