রাশিয়ার স্বর্ণে চার দেশের নিষেধাজ্ঞা

আপডেট : ২৬ জুন ২০২২, ১০:৫৪ পিএম

ইউক্রেন আগ্রাসনের জন্য মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার স্বর্ণের নতুন আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। গতকাল রবিবার ব্রিটেনের সরকারি এক বিবৃতিতে রাশিয়ার স্বর্ণ আমদানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের এ তথ্য জানানো হয়েছে।

জার্মানিতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর নেতাদের বৈঠকের আগে ব্রিটেনের সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার উত্তোলিত নতুন অথবা পরিশোধিত স্বর্ণের ওপর শিগগিরই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে নতুন এ নিষেধাজ্ঞা আগে রপ্তানি করা রাশিয়ার স্বর্ণের ওপর প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

গত বছর রাশিয়া ১৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছিল। সম্প্রতি দেশটির ধনকুবেররা পশ্চিমা নিষেধাজ্ঞার আর্থিক প্রভাব কমাতে বুলিয়ন (সোনা-রুপার বাঁট) কিনতে শুরু করেছেন। বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আজ আমরা যেসব পদক্ষেপের ঘোষণা দিয়েছি তা সরাসরি রাশিয়ান অলিগার্চ এবং পুতিনের যুদ্ধযন্ত্রের কেন্দ্রস্থলে আঘাত করবে। পুতিনের সরকারের অর্থায়নে ব্যাঘাত ঘটাতে হবে। যুক্তরাজ্য এবং আমাদের মিত্ররা ঠিক তাই করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত