বিদ্যালয় ঘেঁষে কারখানা নির্মাণ, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৭ জুন ২০২২, ০৪:২৭ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আঠারদানা বাদেপার্শী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ধলেশ্বরী এগ্রো ফুড মিলস নামে একটি কারখানা স্থাপন করার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

সোমবার (২৭ জুন) দুপুরে আঠারদানা স্কুল সংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করা হয়।

এতে শিক্ষার্থীসহ এলাকার নারী-পুরুষ কারখানাটির নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে আঠার দানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, এখানে কারখানা স্থাপন হলে কোমলমতি শিক্ষার্থীরা বায়ুদূষণ ও শব্দ দূষণের শিকার হবে। এতে লেখা পড়ার পরিবেশ বিঘ্নিত হবে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। তারপরও কাজ চালিয়ে যাচ্ছে।

ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন, গত এক বৎসর ধরে আঠার দানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে একটি ফুড প্রসেসিং মিল স্থাপনের চেষ্টা করছে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এর মধ্যে শুনলাম পরিবেশ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে কীভাবে ছাড়পত্র পেয়েছে তা আমাদের জানা নাই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, কারখানা স্থাপনের জন্য আমার কাছে একটি আবেদন আসে। পাশাপাশি অভিযোগও পাই। পরে উভয় পক্ষের আপোষ মীমাংসার প্রেক্ষিতে আমরা ঢাকায় কাগজপত্র পাঠাই। ওখান থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ছাড়পত্র দিয়েছেন।

এ ব্যাপারে নির্মাণাধীন কারখানা মালিক আনোয়ার হোসেন বলেন, আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের ছাড়পত্র পেয়েই কাজ করছি। প্রশাসন যদি মনে করেন এখানে করা ঠিক হবে না আমি মেনে নিব।

স্থানীয়দের আশঙ্কা, কারখানা স্থাপিত হলে দূষিত পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকবে না। কারখানার ধুলাবালি, ছাই ও চাউল ছাঁটাইয়ের কুড়া উড়ে স্কুলসহ আশপাশে বাড়িঘরে ছড়িয়ে পড়বে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত