নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় জব্দ ও জরিমানার পর সেগুলো বড়াল নদে ফেলে দিলেও তা আবার তুলে আনেন কারখানার মালিকরা। গতকাল সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের গাঁওপাড়ায় অভিযান চালিয়ে জব্দ করা গুড় বড়াল নদে ফেলে দিয়ে একটি কারখানার মালিক শামীম আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দেখা যায়, পানি, চিনি, চুন, হাইড্রোজ, ফিটকারি এবং বিষাক্ত রাসায়নিকদ্রব্য দিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। এ সময় তৈরি করা প্রায় সাড়ে ৫২ মণ ভেজাল গুড় বড়াল নদে ফেলে দেওয়া হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কারখানার মালিকরা গুড়ের বড় বড় খ-গুলো নদ থেকে তুলে এনে আবার মজুদ করেন।
তবে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা বলেন, পানি থেকে গুড় ওঠানোর খবর পেয়ে আবার গিয়ে তাদের বাড়ি তল্লাশি করে সব গুড় নষ্ট করে দেওয়া হয়েছে। তাদের সবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ আবার করলে ব্যবস্থা নেওয়া হবে।
