শেরপুরে বন্যার্তদের মাঝে দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ(ভিডিও)

আপডেট : ২৮ জুন ২০২২, ০১:৩৭ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় সোমবার বিকেলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ ও শেরপুর জেলা শাখার আয়োজনে ২৭০ জন বন্যার্তের মাঝে ৫ কেজি চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি মসুর ডাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়।

ওই ত্রাণ সামগ্রীর মধ্যে পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেওয়া হয়েছে বলে ত্রাণপ্রাপ্তরা ঘটনাস্থলেই প্রতিবাদ করে স্থানীয় আয়োজক ও সংবাদকর্মীদের প্যাকেট খুলে দেখান।  কিন্তু বিষয়টি নিয়ে কেউ কর্ণপাত না করায় বন্যার্তরা ওই চাল নিয়ে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী বলছেন, পচা চাল দিয়ে গরিবদের সঙ্গে তামাশা করলো। এই চাল খাওয়া যাবে না, দেওয়ার কী দরকার ছিল। তবে আয়োজকেরা বিষয়টি আমলে না নিয়ে বলেন, এটা পচা নয়, খাওয়া যাবে।

এ বিষয়ে ঝিনাইগাতি উপজেলা সাব-রেজিস্ট্রার হযরত আলী জানায়, নকলনবিশ জাকারিয়াকে চাল কেনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে জাকারিয়া বলছেন, আমাদের বাজেট অনুযায়ী ৪২ টাকা দরের চাল কেনা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, ইচ্ছা করেই তারা চাল কিনেছে ৩৬ টাকা কেজি দরের, যা তুলনামূলক নিম্নমানের। আর বিল বাউচারে দেখানো হয়েছে ৪২ টাকা কেজি।

পচা চাল দিয়ে ত্রাণ বিতরণের বিষয়ে জেলা রেজিস্টার্ড মো. হেলাল উদ্দিন বলেন, চাল কেনার দায়িত্ব দেওয়া হয়েছিল উপজেলা রেজিস্ট্রারকে। আমরা ভালো চাল কেনার জন্যই টাকা দিয়েছিলাম। আমাকে দেখানো হয়েছে সাদা চাল, তবে এই পচা চাল যদি আমি দেখতাম তবে ত্রাণ দিতে দিতাম না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত