শিক্ষককে হেনস্তা করার দায়ে রাবি ছাত্র বহিষ্কার

আপডেট : ৩০ জুন ২০২২, ০৬:০৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক শিক্ষককে হেনস্তা করার দায়ে মো. আশিক উল্লাহ নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টা দিকে চতুর্থ বর্ষের ক্লাস নিচ্ছিলেন বিভাগের অধ্যাপক বেগম আসমা সিদ্দীকা। ক্লাস চলাকালীন ইমপ্রুভমেন্টের কথা বলে ক্লাসে প্রবেশ করেন মাস্টার্সের শিক্ষার্থী মো. আশিক উল্লাহ। কিন্তু তার কোনো ইমপ্রুভমেন্ট ছিল না। ক্লাসের শেষের দিকে সে ওই শিক্ষিকাকে বিব্রত করার জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে তিনি ক্লাস থেকে বের হতে গেলে আশিক উল্লাহ দরজা লাগিয়ে তাকে মারতে উদ্যত হয়। পরে অন্য শিক্ষার্থীরা তাকে ক্লাস রুমে আটকে রেখে ওই শিক্ষিকাকে নিরাপদে বের করে নিয়ে যান।

এ ঘটনার পরে বিভাগের শিক্ষার্থীরা আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এর আগেও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে অপহরণ করে মারধরের অভিযোগ ছিল।    

প্রক্টর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. আশিক উল্লাহ দীর্ঘদিন যাবৎ একাধিকবার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘœ ঘটাচ্ছে। বিভাগের ক্লাসরুমে অধ্যাপক ড. আসমা সিদ্দীকাকে হেনস্তা করার প্রেক্ষিতে  তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত