গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাবিদুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আরেকজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তেলিহাটি ইউনিয়নের দোখলা এলাকায় নয়নপুর শিমুলতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র শিমুলতলী গ্রামের শফিকুল সিলামের ছেলে। তিনি বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তেন।
স্থানীয়রা জানান, বরমীর দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নাবিদুলের মুত্যু হয়। এ সময় তার সাথে থাকা অন্য আরোহী বুলেট গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
