শিক্ষক হত্যা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২:১৬ এএম

সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে অধ্যক্ষকে হেনস্তার প্রতিবাদে গতকাল শনিবার বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যা ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট : সকাল সাড়ে ১০টায় জেলা শিক্ষক সমিতিসহ শিক্ষকদের বিভিন্ন সংগঠন বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। কয়েকশ শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা আজ কেন রাস্তায় নেমেছে? শিক্ষক কেন ছাত্রের হাতে প্রাণ হারাল? সময় এসেছে শিক্ষকদের পাশে দাঁড়ানোর। মানুষ গড়ার কারিগর যাতে আর নির্যাতিত না হন। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছাত্র শিক্ষকের ওপর হামলা করবে সেই অজানা আতঙ্কে থাকেন শিক্ষকরা। সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। শিক্ষক খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, মাদ্রাসা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জিহাদুল করিম, জেলা হেড টিচার ফোরামের সভাপতি ফকির মাসুদ আলীসহ জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতারা।

দিনাজপুর : প্রেস ক্লাবের সামনের সড়কে বেলা ১১টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিল দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাতলুবুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিরন্ময় দত্ত, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ফজলুর রহমান, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদন্ড। অথচ এই মেরুদন্ডকে হত্যা করা হচ্ছে, নানানভাবে লাঞ্ছিত করা হচ্ছে। শিক্ষক হত্যা ও লাঞ্ছনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর আগে প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর মানববন্ধন কর্মসূচি পালন করে। সংগঠনটির জেলা সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

মাগুরা : সকালে মাগুরা চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাগুরা জেলা শাখা প্রতিবাদ কর্মসূচি পালন করে। জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. বাহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামছুজ্জামান সেলিম, সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি শ্রীকান্ত বিশ্বাস, স্কাউট সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত