দেশের বন্যা পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী আগস্টে শুরু হতে পারে। এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার এ কথা জানান। ঈদের পর আবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারিখ চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, বৈঠকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন তার আওতাধীন অঞ্চলে অর্ধেকের বেশি এসএসসি পরীক্ষার কেন্দ্র এখনো বন্যার আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলো ঠিকঠাক করে পুনরায় শিক্ষা উপযোগী করতে সময় লাগবে। এ কারণে এ বছরের এসএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়া সম্ভব হবে না।
কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আগস্টে পরীক্ষা শুরুর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা। এসএসসি পরীক্ষা আবার পেছানোয় এইচএসসি পরীক্ষাও পেছানোর সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে। কারণ, এই দুই পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয়।
