যুক্তরাষ্ট্রে গর্ভপাত আইন

তথ্য মুছে নারীর পাশে গুগল

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১০:৪৫ পিএম

গর্ভপাতের ক্লিনিক, পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য স্থানে যাওয়া ব্যক্তিদের অবস্থানের তথ্য মুছে ফেলবে গুগল। যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাত অনুমোদন দেয় এমন ঐতিহাসিক আইন বাতিলের পর গর্ভপাতের সেবাগ্রহীতাদের গোপনীয়তা রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গত শুক্রবার জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান এমন ঘোষণা দেয়।

গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেন ফিটজপ্যাট্রিক এক ব্লগ পোস্টে বলেন, ‘যদি আমাদের সিস্টেমগুলো শনাক্ত করতে সক্ষম হয় যে ওই জায়গাগুলোতে কেউ গেছেন, তখন লোকেশন হিস্টিরি থেকে তাদের সেখানে যাওয়ার তথ্য মুছে দেব আমরা। আগামী সপ্তাহগুলোতে এ পরিবর্তন কার্যকর হবে।’

অন্য যেসব জায়গা থেকে গুগল সেবাগ্রহীতাদের অবস্থানগত তথ্য সংরক্ষণ করবে না, তার মধ্যে রয়েছে বন্ধ্যত্বের চিকিৎসাকেন্দ্র (ফার্টিলিটি সেন্টার), মাদক নিরাময় কেন্দ্র এবং ওজন কমানোর ক্লিনিক।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সে দেশে গর্ভপাতের সাংবিধানিক অধিকার রদ করার পর এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। ওই রায়ের পর গর্ভপাতের ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর এক ডজনের বেশি অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ এবং এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে গর্ভপাত করাতে ইচ্ছুক নারীদের গোপনীয়তা রক্ষায় তাদের তথ্য সংগ্রহ সীমিত করতে গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা। তাদের দাবি, এতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো গর্ভপাতবিষয়ক তদন্ত ও আইনিব্যবস্থা গ্রহণের জন্য এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করতে পারবে না।

ফিটজপ্যাট্রিক ব্যবহারকারীদের আশ্বস্ত করে বলেন, গুগল ব্যবহারকারীর গোপনীয়তাকে গুরুত্ব সহকারে দেখে। তিনি বলেন, আইনপ্রয়োগকারী সংস্থার দাবি উপেক্ষা করা এবং কিছু দাবির বিরুদ্ধে আপত্তি জানানোর রেকর্ড রয়েছে গুগলের। সরকারি কোনো দাবি মেনে কোনো তথ্য সরবরাহ করতে হলে তা ব্যবহারকারীকে জানিয়েই দেওয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ের আগেই স্মার্টফোন ডেটা এবং প্রজনন অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সম্প্রতি বেশ কয়েকটি রক্ষণশীল অঙ্গরাজ্যে গর্ভপাত করানো চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার অধিকার দিয়ে আইন পাসের পর এ উদ্বেগ বেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত