মানিকগঞ্জের সাটুরিয়ায় শতভাগ বিদ্যুতায়িত হলেও গত এক সপ্তাহ ধরে দিন-রাত লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে তাদের কষ্ট বাড়ছে। দিনে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে তাদের অভিযোগ। লোডশেডিংয়ে কারণে সাটুরিয়া পল্লি বিদ্যুৎ অফিসের রিডিং লিডারম্যানকে আটকে হেনস্তার অভিযোগও পাওয়া গেছে।
সাটুরিয়া পল্লি বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলা ৪৩ হাজার ৫ শ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের জন্য প্রতিদিন সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। বর্তমানে পাওয়া যাচ্ছে ২ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ। প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকার ফলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে।
সাটুরিয়া বাজারের ব্যবসায়ী হুসাইন বলেন, ঈদের সামনে বেচাকেনা বেশি হয়ে থাকে। বিদ্যুৎ না থাকায় ক্রেতারা দোকানে ঢুকছে না। ফলে বেচাকেনা কম হচ্ছে। যে দোকানে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রয়েছে সে দোকানে ক্রেতারা ঢুকছেন।
ব্যবসায়ীরা মনে করেন, এভাবে বিদ্যুতের লোডশেডিং চললে তারা ক্ষতিগ্রস্ত হবেন।
সাটুরিয়ায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। রাতে মোমবাতি ও কুপি জ্বালিয়ে লেখাপড়া করতে হচ্ছে তাদের।
জানা গেছে, সাটুরিয়া হাসপাতালের বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রোগীরা রাতে নার্সদের সঙ্গে চেঁচামেচি করছেন। অন্যদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় চুরি ঠেকাতে গরুর খামারিরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
জানা গেছে, সোমবার সকালে সাটুরিয়া পল্লি বিদ্যুৎ অফিসের রিডিং ম্যান মো. সোহেল রানা বরাইদ ইউনিয়নের সাভার এলাকায় বিদ্যুৎ বিল প্রস্তুত করতে গেলে তাকে আটক করে জনতা। তাকে হেনস্তার পর পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। এ ঘটনা উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে পল্লি বিদ্যুৎ অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করতে অনীহা প্রকাশ করছেন।
সাটুরিয়া পল্লি বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওবাইদুল্লাহ আল মামুন বলেন, কী কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে তা বিদ্যুৎ প্রতিমন্ত্রী সামাজিক ও গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন। গ্যাসের সংকটের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাহত হচ্ছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গ্যাস উচ্চ মূল্য হওয়ায় সমস্যা হচ্ছে। তবে সাটুরিয়ায় সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে সর্বোচ্চ তিন মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ায় সাটুরিয়ায় ঘন ঘন লোডশেডিং পাচ্ছে।
গ্যাসের স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘গ্যাসের স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।’
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের উচ্চমূল্য ও সরবরাহ সব দেশকেই সমস্যায় ফেলেছে। বিষয়টি আমাদেরকেও বিরূপ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে।
