কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভিরুল হক তানিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ-সময় মাহিম নামের আরও একজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত তানিম কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল ইসলামের ছেলে ও শহরের বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমির ৭ম শ্রেণির ছাত্র। কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার টার্মিনাল এলাকা থেকে স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে।
