কুলাউড়া থানার নবাগত ওসি মো. আব্দুছ ছালেক বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সমাজের অনেক তথ্য উঠে আসে যা পুলিশের অগোচরে থেকে যায়। তাই গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে সমাজ উপকৃত হয়।
তিনি গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলার আরও উন্নতিকল্পে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে বুধবার (৬ জুলাই) দুপুরে কুলাউড়ার কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় ওসি এসব বলেন।
কুলাউড়া থানা ভবনে পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের পরিচালনায় কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতিকল্পে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, গণমাধ্যম কর্মী এম মছব্বির আলী, আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মোক্তাদির হোসেন, সাইদুল হাসান সিপন প্রমুখ।
নবাগত ওসি মো. আব্দুছ ছালেক কুলাউড়ার সার্বিক সামাজিক পরিবেশ সুন্দর রাখার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সেবাগ্রহীতাদের কোনো দালালের আশ্রয় না নিয়ে সরাসরি তার কাছে আসার পরামর্শ প্রদান এবং মাদক কারবারিদের দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
