দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে যাতে কোন ক্রমেই বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাচার না হয় এ জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একইসঙ্গে ভারত থেকে যেন গরু পাচার হয়ে না আসতে পারে ও অন্য দেশের নাগরিক প্রবেশ করতে না পারে এ ব্যাপারে সতর্কতা রয়েছেন তারা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, চামড়া আমাদের দেশের সম্পদ। এটি যাতে কোনক্রমেই অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচার না হয়ে যেতে পারে এ জন্য সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ব্যাটালিয়ন অধীন ১০২টি পোস্ট ও ক্যাম্প রয়েছে সেগুলোতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে বাড়তি টহলের পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ ছাড়া দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনক্রমেই ভারত থেকে যেন দেশে গরু পাচার হয়ে না আসতে পারে সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
অন্য দেশের কোন নাগরিক যেন অবৈধপথে আমাদের দেশে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, বলেন লে. কর্নেল রফিকুল।
