জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১১:৫৫ পিএম

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, শিনজো আবের মৃত্যুতে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়েন। শুক্রবার স্থানীয় সময় সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে।

গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত