ভোগান্তি কমিয়েছে ফরিদপুরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২:৪৫ এএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের ঘরমুখী মানুষের বাড়ি ফেরা ভোগান্তি কমিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ে। গতকাল শুক্রবার সকাল থেকেই এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গার টোল প্লাজার ইনচার্জ মো. নাহিদুল ইসলাম জানান, ঈদের সময় যানজট এড়াতে মহাসড়ক (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) ২৪ ঘণ্টা সচল রাখতে টোল প্লাজায় তিন শিফটে কাজ করছে কর্মীরা। বর্তমানে ৮টি বুথ দিয়ে টোল গ্রহণ করা হচ্ছে ।

গতকাল বেলা সাড়ে ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গার টোল প্লাজার কোনো ভোগান্তি ছিল না।

ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম জানান, পদ্মা ব্রিজের ঢাকা প্রান্তে কিছুটা যানজট আছে, তবে নদী পার হওয়ার পর তেমন কোনো সমস্যা হয়নি।

গোপালগঞ্জগামী ইলিশ পরিবহনের আরেক যাত্রী শহিদুল ইসলাম বিপ্লব বলেন, গতবারের ঈদে বাড়ি ফিরতে যে ঝামেলা পড়েছিলাম, এবার তার উল্টো। খুব সহজেই গ্রামে যেতে পারছি।

ফরিদপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও ঝামেলমুক্ত করতে হাইওয়ে পুলিশ মাদরীপুর জোনে ২৪ ঘণ্টাই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যেসব মানুষ পদ্মা পাড়ি দিয়ে আমাদের জোনে এসেছে তারা সহসাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত