গরু বিক্রির টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
শনিবার (৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। পরে কমলাপুর বালুর মাঠে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ পরামর্শ দেন।
আইজিপি বলেন, গরুর হাটের শৃঙ্খলা সম্পর্কে ব্যাপারী, ক্রেতা ও ইজাদার সবার সঙ্গে কথা বলেছি। হাসিল নিয়েও জিজ্ঞেস করেছি, সার্বিক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।
করোনার হালকা বিস্তার থাকায় পশুর হাটের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও গরু ব্যাপারীদের খাওয়া-দাওয়া সম্পর্কেও খোঁজ-খবর নেন আইজিপি।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
