ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকালে সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
ওয়াজিব নামাজ ও খুতবা শেষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়।
রাজধানীর ঈদ জামাতে অন্যতম আকর্ষণ জাতীয় এ মসজিদের আয়োজন। দূর-দুরান্ত থেকে অনেকেই হাজির হন নামাজে।
এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।
সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক থাকবেন সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামের দায়িত্বে।
সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। বেলা পৌনে ১১টার সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম।
পাঁচটি জামাতের কোনোটিতে কোনো একজন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আবদুল্লাহ।
