বাড়ি যাব, টাকা নাই, কিছু আর্থিক সহযোগিতা দরকার বলে যাত্রীর কাছ থেকে ভিক্ষা চায়। এরপর সুযোগ বুঝে ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর সবকিছু লুট করে নিয়ে যায়। এমন চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে একজন শরীরে নিজের মলমূত্র মেখে পালিয়ে যাওয়া চেষ্টা করে বলে জানায় পুলিশ।
শনিবার (৯ জুলাই) রাতে উত্তরা ১১ নং সেক্টর এলাকা থেকে তাদের চারটি ছোরাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন মো. পারভেজ (৩০), মো. জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও মো. অপু (২৫)।
উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার চারজন চিহ্নিত ছিনতাইকারী। তারা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। তারা মূলত বিভিন্ন বাস স্ট্যান্ডে অবস্থান করে। তাদের টার্গেট দূরপাল্লার যাত্রীরা। বিশেষত নারী, বয়স্ক লোক, সহজ সরল প্রকৃতির লোকেরাই তাদের প্রধান টার্গেট।
তারা প্রথমে টার্গেটকে কিছুটা নির্জন স্থানে সালাম দিয়ে থামায়। এরপর ‘আমি ঢাকায় এসে ব্যাগ হারিয়ে ফেলেছি। বাড়ি যাওয়ার টাকা নেই। কিছু আর্থিক সহযোগিতা করেন।’ এ ধরনের কথা বলে ভিক্ষা চায়। এ সব কথা বলতে বলতে যখন জায়গাটা আরেকটু নির্জন হয় তখনই পাশ থেকে অন্যান্য সহযোগীরা চলে আসে এবং ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, একই কায়দায় ছিনতাই করতেই ১১ নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে জড়ো হয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের মধ্যে অপু নিজের শরীরে নিজেরই মলমূত্র মাখে! পারভেজ ব্লেড দিয়ে নিজের মুখ রক্তাক্ত করে। অবশেষে স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
