একদিন পেরিয়ে গেলেও কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র রাফিদ হাসান মাহি (১৫)-র সন্ধান মেলেনি। পরিবারে চলছে আহাজারি। স্থানীয় দমকল বাহিনীর ডুবুরি দল ও পরিবারের পক্ষ থেকে ঘটনাস্থলের আশপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান অব্যাহত আছে বলে জানা যায়।
মাহি ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে। তিনি রানীর বাজার শাহী মসজিদ পরিচালিত হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ঈদের দিন সকাল ৬টার দিকে মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সঙ্গে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। সাঁতার না জানায় সে ঘাটের সিঁড়িতে গোসল করার সময় অসতর্ক কোনো মুহূর্তে তলিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে মাহির বাবা তাৎক্ষণিক ঘাটের লোকজনদের নিয়ে ছেলের সন্ধান শুরু করেন। পরে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসে খবর দেন। ডুবুরি দলও ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মাহির সন্ধান পেতে ব্যর্থ হন।
এ প্রসঙ্গে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, খবর পেয়ে তারা সকাল সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাহির সন্ধান চালান। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় তারা সন্ধান পেতে ব্যর্থ হন। সোমবারও তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
নিখোঁজ মাহির ভগ্নিপতি ডা. ইমরান জানান, সোমবার সকাল থেকে ঘটনাস্থলের আশপাশসহ ভৈরবের ভাটি অঞ্চল নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগী ইত্যাদি এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অনুসন্ধান চালিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মাহির সন্ধান পাননি।
