শোক-শ্রদ্ধায় শিনজো আবের শেষকৃত্য

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১২:৩২ এএম

‘ধন্যবাদ, আবে’, ‘বিদায়, আবে’-সহ নানা আবেগঘন বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে টোকিওর রাস্তায় হাজারো শোকার্ত মানুষের সারি, অনেকের হাতে ফুল। শববাহী কালো গাড়িতে শেষযাত্রায় প্রিয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ। শুভ্র ভূমিতে লাল বৃত্তের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত।    

এভাবেই শোক-শ্রদ্ধায় গতকাল মঙ্গলবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।  

শিনজো আবের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হয় স্থানীয় জোজোজি মন্দিরে। পারিবারিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও পারিবারিক বলয়ে থাকা বন্ধুবান্ধবরাই শুধু আমন্ত্রিত ছিলেন। এসময় সবার পরনে ছিল কালো পোশাক।

মন্দিরের বাইরে ছিলেন শোকার্ত সাধারণ জাপানিরা। এছাড়া শববাহী গাড়িটি আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফিস, প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ভবনসহ শহরের যেসব গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে সবখানেই ছিল নানা বয়সী মানুষের ভিড়।   

স্থানীয় সময় গত শুক্রবার সকালে কিয়োটোর কাছের নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে জাপানসহ পুরো বিশ্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত