মুকসুদপুরে আগুনে ৬ দোকান ভস্মীভূত, মুদি দোকানির মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৩:৩৩ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গেড়াখোলা বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে মুকসুদপুর ফায়ার সার্ভিস।

এ সময় মালামাল নিরাপদ স্থানে নিতে গিয়ে বাবলু লষ্কর (৫৫) নামে এক মুদি দোকানদার হৃদ্‌রোগে মারা গেছেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুর রহমান বলেন, রাত তিনটার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

জানা যায়, ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে বাজারের স্টুডিও দোকানে ঘুমিয়ে থাকা অনিক মজুমদার বের হয়ে চিৎকার দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাবলু লস্করের মুদি দোকান, গৌতম মজুমদারের স্টুডিও, বশিষ্ট চক্রবর্তীর কাপড়ের দোকান, সাদ্দাম মিয়ার কম্পিউটারের দোকান, বাবুল মোল্লার কসমেটিকসের দোকান, গোপিনাথের মুদি দোকান ভস্মীভূত হয়।

বাজারের ব্যবসায়ী হাসান লস্কর জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে সবাই আগুন নেভাতে আসে। এই সময় মুদি দোকানদার বাবলু লস্কর তার মালামাল নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করে। একাধিকবার আগুনের মধ্য থেকে মালামাল নেওয়ার পরে পা পিছলে আগুনের মধ্যে পড়ে যায়। উদ্ধার কারিরা তাকে আগুন থেকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর হাসপাতালের টিএইচও ডাক্তার রায়হান ইসলাম শোভন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে কোনো আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করো হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত