বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মায় পড়ে নিখোঁজ বুয়েটছাত্র

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১:৫১ এএম

পদ্মা নদীতে নিজের ছবি (সেলফি) তুলতে গিয়ে বুয়েটের এক শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

রাত থেকেই ডুবুরি দল কাজ করলেও এখন শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি ওই শিক্ষার্থীর।

জানা গেছে, নিখোঁজ তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।

তিনি শরীয়তপুরের জাজিরা এলাকার হারুন উর রশিদের ছেলে। তবে সানি ঢাকার হাজারীবাগে থাকতেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সানিকে উদ্ধারে কাজ করছে একদল ডুবুরি। পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। ডুবুরি দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।

তিনি বলেন, খবর পেয়ে আমরা বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোহারের পদ্মানদীর মৈনটঘাটে এসেছি। এখনো উদ্ধারের চেষ্টা চলছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দোহারের পদ্মা নদীর মৈনটঘাটে ঘুরতে আসেন। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে নিজেদের ছবি (সেলফি) তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। তবে ঘটনাস্থলে ওই ছাত্রের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত