উখিয়ায় দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টারের উদ্বোধন

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৮:৫৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। প্রান্তিক অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার এই ডিজিটাল ভিলেজ সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের ডিজিটাল ভিলেজ সেন্টারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার উখিয়ায় দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন হতে যাচ্ছে আজ।

 এ সেন্টারের প্রথম কাজ হবে কৃষক এবং উৎপাদিত পণ্যের সাথে ক্রেতাদের সম্পর্ক সৃষ্টি করা। পাশাপাশি অনলাইনের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য-উপাত্ত প্রদান পূর্বক রোগবালাই প্রতিরোধ, উৎপাদিত পণ্যের বাজার দর ও বাজারজাত করতে সহায়ক ভূমিকা রাখবে এই ডিভিসি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। গত ১৩ বছর আগের গ্রাম আর আজকের গ্রামের দৃশ্য অনেক পরিবর্তন ঘটেছে। যা শুধুমাত্র ডিজিটালাইজেশনের কারণে সরকারের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের একান্ত প্রচেষ্টায় বাংলাদেশের ৮ হাজার ইউনিয়ন পরিষদে ডিজিটাল ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। যেটি মানুষের সেবার পাশাপাশি তথ্য প্রযুক্তির দিকে সকলকে ধাবিত করেছে।

এর আগে প্রতিমন্ত্রী পলক প্রান্তিক কৃষকদের সাথে কথা বলেন এবং উৎপাদিত পণ্যের বিষয়ে কথা বলেন।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন- ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর কান্ট্রি ডিরেক্টর এসনোভ বাকনোদুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশিস রঞ্জন নাথ, এটুআই আইসিটি ডিভিশনের কর্মকর্তা আনির চৌধুরী, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার রেজওয়ানুল হক জামি, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীসহ সরকারি-বেসকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক রত্নাপালং ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ নানা কার্যক্রম পরিদর্শন জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। পরে দুপুর ১ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত