সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দাবিতে ২২ অক্টোবর গণঅনশন

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৪৪ পিএম

সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দাবিতে আগামী ২২ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শনিবার পরিষদের চট্টগ্রাম শাখার আয়োজনে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

তিনি বলেন, ‘সরকারি দল নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের যে লড়াই, সে লড়াইয়ের অংশ হিসেবে ওই দিন গণঅনশন কর্মসূচি পালিত হবে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশ থেকে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়।

দাবিগুলো হল- সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি এবং পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান পরিষদ নেতারা।

সমাবেশে বন্দর নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে জেলেদের উপর সন্ত্রাসী নির্যাতন বন্ধ, নিখোঁজ চট্টগ্রাম কলেজের ছাত্র দুর্জয় বড়ুয়ার সন্ধান এবং চন্দনাইশ উপজেলার খান দীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন কুমার বিশ্বাসের ওপর হয়রানি বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান রানা দাশগুপ্ত।

পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগী পাহাড় মোড় থেকে আন্দরকিল্লা মোড় হয়ে লালদীঘির পাড়ে যান নেতাকর্মীরা। এ সময় চেরাগী পাহাড় থেকে আন্দরকিল্লা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

সমাবেশে জাসদ নেতা ও পরিষদের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, আইনজীবী রুবেল পাল, অধ্যাপক জিন বোধি ভিক্ষুসহ প্রমুখ অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত