বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা

বাগেরহাটে বিবাহ রেজিস্ট্রারসহ তিনজনের কারাদন্ড

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২:০৬ এএম

বাগেরহাটে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে দুই অভিভাবক ও বিবাহ নিবন্ধককে (বিবাহ রেজিস্ট্রার) ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে শহরের নাগেরবাজার বিবাহ রেজিস্ট্রার কাজী আতাউল বারীর কার্যালয়ে এই দন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। গতকাল শনিবার সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডিতরা হলেন, শহরের নাগেরবাজার এলাকার বিবাহ রেজিস্ট্রার কাজী আতাউল বারী, কনের বাবা সদর উপজেলার ফতেপুর গ্রামের কবির সরদার এবং বরের বাবা একই উপজেলার গোবরদিয়া গ্রামের সজিব হালদার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায়  বিবাহ রেজিস্ট্রার কাজী আতাউল বারীর কার্যালয়ে দুই অভিভাবক তাদের অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দিতে আসেন। খবর পেয়ে আমি সেখানে গিয়ে জন্মনিবন্ধনের কাগজপত্র পরীক্ষা করে দেখি তাদের বয়স কম। বিবাহ রেজিস্ট্রার আতাউল বারী তার বিবাহ রেজিস্টারে এই ছেলেমেয়ের নাম নিববন্ধন না করেই সাদা একটি কাগজে স্বাক্ষর নেন। ছেলে এবং মেয়ের বাবা তাদের সন্তানদের প্রকৃত বয়স গোপন করে এই বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই বিবাহ রেজিস্টার এবং ছেলে ও মেয়ের বাবা প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। শনিবার সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত