লক্ষ্মীপুরে চরের ডোবায় ভাই-বোনের লাশ

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৪:০২ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলায় মেঘনা নদীর চরের ডোবা থেকে ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে মৃতদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক।

সামিয়া (১০) ও তাজমুল (৭) উপজেলার চররমনী মোহন ইউনিয়নের দুর্গম চর মেঘা এলাকার নব্যার চরের কৃষক সুজন ঢালীর সন্তান।

এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে শিশুদের পরিবার। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

শিশুদের বাবা সুজন ঢালী অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ বিলকিছ গংরা তার সন্তানদের হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

সুজন জানান, সম্প্রতি তার প্রতিবেশী প্রভাবশালী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে মামলা চলমান রয়েছে। এর জের ধরে তাদের নানা হুমকি-ধামকি পেয়েছেন তিনি।

তিনি বলেন, শনিবার বিকেলে তিন সন্তান নিয়ে নৌকায় করে দোকানে মালামাল কিনতে যাই। এরপর বড় সন্তানকে রেখে দিয়ে ছোট দুই সন্তান সামিয়া ও তাজমুলকে নৌকায় উঠিয়ে বাড়ির উদ্দেশে পাঠিয়ে দেই। কিন্তু কিছুক্ষণ পর তাদের খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিকালে মেঘনা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেলে পুরো চর ডুবে যায়। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তাদের মৃতদেহের সন্ধান পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, মৃতদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত