কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র রাফিদ হাসান মাহির (১৫) লাশ উদ্ধার হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নৌ পুলিশের সহায়তায় নরসিংদীর রায়পুরা উপজেলার চরবেগমাবাদ এলাকার একটি মাছের ঘের থেকে মাহির লাশ উদ্ধার করা হয়েছে।
মাহির ভগ্নিপতি ডা. ইমরান জানান, ঘটনার পর থেকে তারা ভৈরবসহ পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর, আলগী ইত্যাদি এলাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে নৌকা নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু মাহির লাশের সন্ধান তারা করতে পারেননি। ঘটনার ৮ দিন দিন পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।
রাফিদ হাসান মাহি ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে।
তিনি রানীর বাজার শাহী মসজিদ পরিচালিত হাজী জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন রবিবার সকাল ৬টার দিকে মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সঙ্গে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। সাঁতার না জানায় সে ঘাটের সিঁড়িতে গোসল করার কোনো ফাঁকে তলিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে মাহির বাবা তাৎক্ষণিক ঘাটের লোকজনদের নিয়ে ছেলের সন্ধান করে ব্যর্থ হয়ে ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মাহির সন্ধান পেতে ব্যর্থ হন।
